তারকা খেলোয়াড়দের ছাড়াই এশিয়া কাপ খেলবে আফগানিস্তান

digitalsomoy

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। 'বি' গ্রুপে থাকা আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের এশিয়া কাপ মিশন। এর আগেই দল গোছাতে ব্যস্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এবং তারা ঘোষণাও দিয়েছে ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডের—যেখানে দেখা গেছে বেশ কিছু চমক।

প্রাথমিক স্কোয়াডের নেতৃত্বে আছেন দলের নিয়মিত অধিনায়ক ও লেগস্পিনার রশিদ খান। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমানের। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অফস্পিনার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি। সাম্প্রতিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘শাপগিজা ক্রিকেট লিগ’-এ ভালো পারফরম্যান্স করলেও (৯ ম্যাচে ১৩ উইকেট), উপেক্ষিতই থেকে গেছেন ২৪ বছর বয়সী এই বোলার।

এছাড়া বাদ পড়েছেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার নাজিবউল্লাহ জাদরানও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করা এই বাঁ-হাতি ব্যাটার ১০৭ ম্যাচে ১৮৩০ রান করেছেন ২৯ গড়ে ও ১৩৭.৮০ স্ট্রাইকরেটে। ছক্কা মারার সামর্থ্যে ও দ্রুত রান তোলার দক্ষতায় বেশ পরিচিত হলেও, তাকেও রাখা হয়নি প্রাথমিক তালিকায়।

এশিয়া কাপের আগে আফগানিস্তান অংশ নেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও, যেখানে প্রতিপক্ষ হবে আমিরাত ও পাকিস্তান। এই দুই টুর্নামেন্টের জন্যই ঘোষিত হয়েছে ২২ সদস্যের এই প্রাথমিক দল। এখান থেকেই বেছে নেওয়া হবে ১৫ বা ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড।


৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে আফগানিস্তান। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে তারা, আর ১৮ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

আফগানিস্তানের ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমদ

এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আফগানিস্তানের স্কোয়াডে বড় তারকাদের অনুপস্থিতি দল নির্বাচনের কৌশল নিয়েও প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে।