লিওনেল মেসির চোটের খবর নতুন নয়। তবে তিনি কবে ফিরছেন, সেটা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। এ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাতে পারেননি ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। তবে নিশ্চিত করেছেন, লিগস কাপে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের বিপক্ষে ম্যাচে মেসিকে পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, চোটটি গুরুতর নয়—মাংসপেশিতে হালকা টান লেগেছে। যদিও ইন্টার মায়ামি তখন মেসির সুনির্দিষ্ট ফেরার সময় জানায়নি।
এই পরিস্থিতিতে পুমাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, “তার (মেসির) সঙ্গে কথা হয়েছে। ক্লাব ইতিমধ্যেই সবকিছু পরিষ্কার করে জানিয়েছে। খারাপ খবরের ভেতর ভালো দিক হলো, চোটটা গুরুতর নয়।”
মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে মাচেরানো বলেন,
“আমরা কোনো অনুমান করতে চাই না, বিশেষ করে মেসির ক্ষেত্রে। সাধারণত সে চোট থেকে খুব দ্রুত এবং ভালোভাবে ফিরে আসে। দেখা যাক কী হয়। তবে এটা নিশ্চিত, আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে সে খেলবে না। এরপর আমরা তার উন্নতির অবস্থা পর্যবেক্ষণ করব।”
পুমাস ম্যাচের পর ইন্টার মায়ামি আগামী সোমবার (বাংলাদেশ সময়) এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে। চলতি মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। এই সংখ্যাটি তাকে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রেখেছে ন্যাশভিল এফসির স্যাম সারিজের সঙ্গে।মেসির চোট যদিও বড় ধাক্কা, তবে মায়ামি শিবির এখন তাকিয়ে আছে তার দ্রুত আরোগ্য এবং মাঠে ফেরার অপেক্ষায়।

