উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল

digitalsomoy

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে বাম ছাত্রসংগঠন ছাড়া অন্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা। শুক্রবার তিনি হলের প্রাধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত জমা দিয়েছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

দরখাস্তে উমামা ফাতেমা উল্লেখ করেছেন, গত বছরের ১৭ জুলাই ছাত্র এবং প্রশাসনের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে একটি চুক্তি হয়, যেখানে কবি সুফিয়া কামাল হলে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাগছাস) নিষিদ্ধ থাকবে। তবে এক বছরের মধ্যে কিছু সংগঠন গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে, যা ওই চুক্তির পরিপন্থী বলে তিনি দাবি করেন।

উমামা ফাতেমা চারটি সংগঠনের নাম উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, এই সংগঠনগুলো শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার সামিল হয়েছে। তবে তিনি বামপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কঠোর সমালোচনা করে উমামা ফাতেমা শুক্রবার রাতের মধ্যে ওই কমিটি স্থগিত করার আলটিমেটাম দিয়েছিলেন।

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে উমামার দাবিকে ‘হিপোক্রেসি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “উমামা ফাতেমা বাম রাজনীতি ছাড়া অন্য সব রাজনীতির বিরুদ্ধে, যা এক ধরনের দ্বৈতচরিত্র।”

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ছাত্রদলের কমিটি ঘোষণা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাবির বিভিন্ন হলে। রোকেয়া হলে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বিক্ষোভ করেন এবং কয়েক হাজার শিক্ষার্থী ভিসি চত্বরে জড়ো হন। এরপর ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঘোষণা দেন যে, হলে প্রকাশ্য ও গোপন সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধ থাকবে।

উপাচার্য আরও জানান, ২০২৪ সালের ১৭ জুলাই হল পর্যায়ে নেওয়া ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত বহাল থাকবে এবং হলে ছাত্ররাজনীতি কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।