দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ার পর চীনা নৌবাহিনীর ধাওয়ায় একটি মার্কিন ডেস্ট্রয়ার সেখান থেকে সরে গেছে বলে দাবি করেছে চীনের সামরিক বাহিনী।
বুধবার এক বিবৃতিতে চীনা সেনাবাহিনী জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চীনের সমুদ্রসীমায় প্রবেশ করেছিল। চীনা নৌবাহিনী এর তীব্র প্রতিক্রিয়ায় জাহাজটিকে হটিয়ে দেয়।
তবে যুক্তরাষ্ট্র ভিন্ন অবস্থান জানিয়েছে। মার্কিন নৌবাহিনী বলেছে, তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইনের আওতায় এবং আন্তর্জাতিক পানিসীমার মধ্যেই ছিল।
এই ঘটনাটি ঘটেছে ঠিক কয়েকদিন পর, যখন স্কারবোরো শোলের আশপাশে ফিলিপাইনের জাহাজ তাড়িয়ে দেয় চীনা উপকূলরক্ষী বাহিনী। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন এবং আশপাশের দেশগুলোর মধ্যে বিরোধ চলছে। বেইজিং পুরো অঞ্চলটিকে নিজেদের এলাকা দাবি করে, যদিও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে প্রতিবছর ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য হয়। তাই স্কারবোরো শোলকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
এদিকে ফিলিপাইন অভিযোগ করেছে, চলতি সপ্তাহে চীনা নৌযানের আগ্রাসী আচরণে তাদের দুটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তারা দাবি করছে, চীনের উদ্দেশ্য ছিল ফিলিপাইনের জাহাজগুলোকে ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়া।
উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, দক্ষিণ চীন সাগরে চীনের দাবি ঐতিহাসিক মানচিত্রের ওপর ভিত্তি করলেও সেটির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তবে বেইজিং এই রায় মানতে অস্বীকৃতি জানায়।

