এনসিপির কথায় কিছু যায়-আসে না; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে

digitalsomoy

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপির কথায় কোনো প্রভাব নেই, নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল, অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের মেয়াদি এ প্রকল্পের মূল লক্ষ্য হবে নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা তার জানা নেই। এ নিয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কেবল একটি রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সময় ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে,’ বলেন পরিবেশ উপদেষ্টা।