ইসরায়েলের অবিরাম হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৩৩০ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এর মধ্যে ২০১ জন মারা গেছেন ক্ষুধা ও অপুষ্টির কারণে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৭২ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ৩১৪ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২,৩৫৯ জনে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৮ জন শিশু। যদিও অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, তীব্র বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে জরুরি সেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১,৭৭২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। ২৭ মে থেকে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এই ধরনের ঘটনায় আহত হয়েছে ১২,২৪৯ জন।
ইসরায়েলি সেনারা গত ১৮ মার্চ থেকে গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে। ওই হামলায় নিহতের সংখ্যা ৯,৮২৪ জন এবং আহতের সংখ্যা ৪০,৩১৮ জন।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় চলমান সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
