তুরস্ক নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম চালু করেছে। নেক্সট সোসিয়াল (এনসোসিয়াল) নামের এই অ্যাপ ইতিমধ্যেই অ্যাপলের অ্যাপস্টোরের শীর্ষে উঠে এসেছে এবং ফেসবুক ও টেলিগ্রামের মতো বৈশ্বিক অ্যাপগুলোকে পেছনে ফেলেছে। তথ্যটি নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপটিকে নেক্সট টেকনোফেস্ট সোসিয়াল হিসাবেও পরিচিত। এতে প্রযুক্তি, লাইফস্টাইল এবং সমসাময়িক বিষয়গুলির আপডেট পাওয়া যায়। এছাড়াও এতে টিথ্রি এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার।
উন্মোচনের পর অল্প সময়ের মধ্যে ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে দশ লাখেরও বেশি ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার শুরু করেছেন।
গতকাল সোমবার এই প্ল্যাটফর্মে প্রথম পোস্ট করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পোস্টে তিনি লিখেছেন, “কংক্রিটের দেয়াল ফুল ফুটেছে। আপনারা তৈরি?” সঙ্গে ব্যবহার করেছেন ‘উই আর স্টার্টি’ হ্যাশট্যাগ এবং যুক্ত করেছেন দেশের জাতীয় পতাকা, পৃথিবী ও রকেটের ইমোজি।

